রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
নিজের জন্য নয়, কেবল তিন অবুঝ সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকতে চান লক্ষ্মীপুরের রামগঞ্জের ক্যানসার আক্রান্ত অসহায় দিনমজুর আমির হোসেন মিলন। দুরারোগ্য এই ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চরম উৎকণ্ঠার দিন কাটাচ্ছেন।
পরিবারে স্ত্রী, তিন সন্তান এবং বাবা-মাকে নিয়ে মিলনের ছোট্ট সংসার বেশ ভালোই চলত। জীবিকার তাগিদে তিনি কখনো গ্রামে, কখনো শহরে ভ্যানে করে হরেক রকমের ফলমূল, কাঁচামাল ও শিশুদের জামাকাপড় ফেরি করে বিক্রি করতেন। এভাবেই যা আয় হতো, তা দিয়ে কোনোমতে দিন চলে যেত। তবে সম্প্রতি তার এই সুখের সংসারে থাবা বসায় মরণব্যাধি ক্যানসার।
গত মাসে চট্টগ্রাম শহরে ফেরি করে পণ্য বিক্রির সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন মিলন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ক্যানসার হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় এবং তাকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার পর সেখানকার চিকিৎসকরাও একই শঙ্কা প্রকাশ করেন। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে উন্নত পরীক্ষা-নিরীক্ষাও করাতে পারছেন না এই দরিদ্র বাবা।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগটি প্রথম স্টেজে (প্রাথমিক পর্যায়ে) থাকায় সময়মতো সঠিক চিকিৎসা পেলে মিলন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। এমতাবস্থায়, তিন নাবালক শিশুর ভবিষ্যৎ ও জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন অসহায় মিলন।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ নম্বর: ০১৭৯৫৭৯৩১১২
নগদ নম্বর: ০১৬০২৯৭৬২০১