ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি অবৈধ গাঁজাসহ মো. ওমর ফারুক (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বনবেলঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মো. রইচ উদ্দিন ও মোছা. নাহার বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল নিয়মিত চেকপোস্ট ও মাদক উদ্ধার ডিউটি পালন করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বনবেলঘরিয়ার একডালা নারায়ণপাড়া এলাকায় নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওমর ফারুককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে তিন কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।