সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে ডুমুরতলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকার অবৈধ ভারতীয় সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় চোরাকারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে জনসন বেবি সাবানের কার্টনগুলো ফেলে গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের সাবানগুলো জব্দ করা হয়।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ সুবেদার ফুলমিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম দমনে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামাল ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে হস্তান্তর করা হবে।
সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের নিয়মিত অভিযানে অবৈধ চালান ধরা পড়লেও মূল সিন্ডিকেটগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে সীমান্ত এলাকার চোরাচালান উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।