ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি মা ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার যোগেন্দ্র নগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সুর্য এবং তাদের দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম।
পুলিশ জানায়, যোগেন্দ্র নগর গ্রামের শহিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা শহিদুল ইসলাম ভম্বু পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভম্বু পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে। মাদকের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কার্যকলাপেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ জানান, অপরাধীরা নিজেদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শহিদুল ইসলাম ভম্বু ও তাঁর পুরো পরিবার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর ভম্বুর স্ত্রী ও দুই ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।