মোঃ মাইনুল হক, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ভিয়েতনামী জাতের ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধান। উপজেলার কামারপুকুর ইউনিয়নে এই ব্যতিক্রমী ফসলের চাষ করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এক উদীয়মান কৃষক।
জানা গেছে, কামারপুকুর এলাকার কৃষক মো. মোক্তারুল হক নিজ উদ্দ্যোগে নিজের জমিতে এই ভিয়েতনামী ব্ল্যাক রাইস চাষ করেছেন। প্রচলিত ধান চাষাবাদের প্রথার বাইরে ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর এই ধানখেত দেখতে প্রতিদিন কৌতূহলী মানুষ ও স্থানীয় কৃষকরা ভিড় জমাচ্ছেন।
উদ্যোক্তা কৃষক মোক্তারুল হক জানান, পুষ্টিবিজ্ঞানীদের মতে সাধারণ চালের তুলনায় কালো চালে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। বিশেষ করে ক্যানসার প্রতিরোধ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানো, লিভার ও কিডনি সুরক্ষা এবং গর্ভবতী মায়েদের পুষ্টির জোগান দিতে এই চাল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
কৃষিতে নতুন এই সম্ভাবনার সূচনা হওয়ায় স্থানীয় সচেতন মহলের ধারণা, আগামী দিনে এলাকার মানুষের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি এই লাভজনক ধান চাষ করে কৃষকরা আর্থিকভাবেও দারুণভাবে লাভবান হবেন।