মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও ছবি অপব্যবহার করে একটি কুচক্রী মহলের চালানো মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
গত রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিবাদলিপিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ আব্দুল গফুর সরকার স্পষ্টভাবে জানান, অনলাইনে তার নাম ও ছবি দিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
সৈয়দপুরের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখার পরই যাচাই-বাছাই করুন এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত হবেন না। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার কুমানসে যারা এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই বিএনপি নেতা।
ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও উল্লেখ করেন, মিথ্যাচার দিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা সম্ভব হলেও সত্যকে চিরতরে লুকিয়ে রাখা যায় না। এ ধরনের ঘৃণ্য অপপ্রচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে সচেতন থাকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।