রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি পুরনো ও অর্ধনির্মিত ভবনের ছাদে টবে চাষ করা প্রায় পাঁচ ফুট লম্বা গাঁজা গাছসহ মো. জাকির হোসেন ওরফে শাহিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার জাকির হোসেন ওই এলাকার মৃত সেকান্দর মিয়া ও সাজেদা বেগমের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া একটি পুরোনো অর্ধনির্মিত তিনতলা ভবনের ছাদে প্লাস্টিকের টবে অভিনব কায়দায় ওই গাঁজা গাছটি রোপণ করে পরিচর্যা করা হচ্ছিল। গাছটির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং এতে বেশ কিছু সবুজ পাতা ও শাখা-প্রশাখা ছিল।
এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।