মোঃ মাইনুল হক (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোখছেদুল ইসলামের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেআরা ওই প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে এই আর্থিক লেনদেনের অভিযোগ আনেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৫০ হাজার হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোখছেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে যান।
ঘটনার বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেমা তাকলিমা জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।