ইবি প্রতিনিধি:
আওয়ামী লীগের আমলে যেমন কোটা প্রথার দৌরাত্ম্য ছিল, তেমনি বর্তমান বিএনপি সরকারের আমলে নগ্ন দলীয়করণ চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, সরকারি বিভিন্ন নিয়োগে দলীয়করণের মাধ্যমে মেধাবী তরুণদের বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা দলটির পতনের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) রাত আটটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, অভ্যুত্থানের পরও দলীয়করণের মাধ্যমে মেধার গলা টিপে ধরার চেষ্টা চলছে। পিএসসিকে দলীয়করণ করে বেকার যুবকদের পেটে লাথি মারার পাঁয়তারা চলছে উল্লেখ করে তিনি বলেন, লিখিত পরীক্ষা ছাড়া শুধু ভাইভার মাধ্যমে চার শতাধিক এসপি এবং চার হাজারের বেশি এনএসআইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে। ২৭তম বিসিএসের মতো দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে মেধাকে ধ্বংস করতেই এই অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করছে বর্তমান সরকার। এ সময় ইবির সাবেক দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও মুকাদ্দেসের গুমের তীব্র নিন্দা জানিয়ে তাদের দ্রুত সন্ধান এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। পাশাপাশি গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলেরও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালুর প্রত্যাশা থাকলেও ইবিতে তা এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের অধিকার ও নেতৃত্ব বিকাশে অবিলম্বে ইবি ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণে রাজপথে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা করা হলে ডা. শফিকুর রহমানের আহ্বানে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পথসভায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।