ফয়সাল আহমেদ জনি, সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কুরবান আলী কাজল বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে বড়িয়া বাজার, চৌগ্রাম বাজার, টাওয়ার বাজার ও স্থাপনদিঘী বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় এই নির্বাচনী প্রচারণা চালান তিনি। পরে আদর্শ গ্রাম হুলহুলিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন এই প্রার্থী।
কুরবান আলী কাজল সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে চৌগ্রাম ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। সাধারণ মানুষের যেকোনো বিপদে তাদের পাশে থাকার পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান এবং নিরাপদ বসবাস নিশ্চিত করা হবে।
এছাড়া বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে দক্ষ করে তুলতে সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।