মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেস্টহাউসের মালিক মো. তোফাজ্জল হোসেন চার যুবকের নাম উল্লেখ করে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রামগঞ্জ রেস্টহাউসে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. শাকিল (২৮), শাওন (২৫), শামীম উদ্দিন (৩০) ও আনোয়ার হোসেন (২৮)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় রেস্টহাউসের দায়িত্বে ছিলেন ম্যানেজার মো. আরিফ (২০)। ওই সময় অভিযুক্ত শাকিল তাঁর গলায় ছুরি ধরে ক্যাশের চাবি চান। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ক্যাশবক্স ভেঙে নগদ ৫০ হাজার টাকা লুটে নেন।
শুধু তাই নয়, যাওয়ার সময় ম্যানেজারের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলে ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হোটেলমালিক মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।