প্রতিবেদক: মোঃ কামরুজ্জামান
গাজীপুর জেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ‘জননী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। বিইআরসি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রায় ৫৮ শতাংশ বেশি দামে গ্যাস বিক্রি করায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১,৫৮৫ টাকা নির্ধারণ করে। তবে গাজীপুরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, একই সিলিন্ডার ভোক্তাদের কিনতে হচ্ছে ২,৫০০ টাকায়। অর্থাৎ, নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৯১৫ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জয়দেবপুর ও এর আশপাশের এলাকায় বিএম ও টিএমএস ব্র্যান্ডের এলপিজি সরবরাহের প্রায় ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে জননী ট্রেডার্স। বাজারে প্রতিযোগিতা না থাকায় প্রতিষ্ঠানটি ইচ্ছেমতো কৃত্রিম সংকট তৈরি করে চড়া দাম আদায় করছে। অথচ এ বিষয়ে কার্যকর কোনো প্রশাসনিক তদারকি বা নিয়মিত অভিযান দেখা যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের।
বাজারের এই সিন্ডিকেট ভাঙতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে গাজীপুরে বিএম ও টিএমএস ব্র্যান্ডের নতুন ডিলার ও অনুমোদিত বিক্রয়কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে, অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।