রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
মাদকসেবী ও ব্যবসায়ীদের পক্ষে আদালতে আইনি লড়াই না চালাতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের জেরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা জজ আদালতের এক আইনজীবী এই নোটিশ পাঠান।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেছিলেন, আইনজীবীদের নৈতিকতা প্রদর্শন করা উচিত এবং সামান্য অর্থের বিনিময়ে চিহ্নিত মাদক কারবারিদের পক্ষে আদালতে দাঁড়ানো থেকে বিরত থাকা দরকার। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার এমপি সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আইনজীবীদের নিয়ে দেওয়া ওই বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর বলে দাবি করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে বক্তব্যটি লিখিতভাবে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় নোটিশে।
এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানান, তিনি এখনো লিগ্যাল নোটিশ হাতে পাননি, তবে বিষয়টি শুনেছেন। নোটিশ পাওয়ার পর আইনজীবীর মাধ্যমে নিয়মতান্ত্রিক জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, তার বক্তৃতার একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। মূলত মাদক নির্মূলের প্রেক্ষাপটে কথাগুলো বলা হলেও কাউকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানান তিনি।