রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মাদকসেবী ও কারবারিদের আদালতে আইনি সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ বক্তব্যের জেরে ওই এমপির বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা আইনজীবীদের অনুরোধ করেছিলাম তারা যেন কোনো মাদকসেবী বা ব্যবসায়ীর পক্ষে আদালতে না দাঁড়ান। কিন্তু অনেকেই সামান্য অর্থের বিনিময়ে নীতিহীনভাবে চিহ্নিত অপরাধীদের পক্ষেকাল ওকালতি করছেন। তারা যদি নৈতিকতার পরিচয় দিতেন, তবে সমাজে অপরাধের মাত্রা অনেক কমে আসত।
তার এই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপরই বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার এমপির গ্রামের ঠিকানায় ওই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে আইনজীবীদের নিয়ে দেওয়া বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর বলে দাবি করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে তা প্রত্যাহারসহ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানান, তিনি এখনও লিগ্যাল নোটিশটি হাতে পাননি, তবে বিষয়টি শুনেছেন। নোটিশ পাওয়ার পর আইনজীবীর মাধ্যমে নিয়মতান্ত্রিক জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মূলত মাদক নির্মূলের কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে আইনজীবীদের বিষয়টি চলে আসে, যা কারও মানহানি করার উদ্দেশ্যে ছিল না।