সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা পাথর শিল্প উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও এর আড়ালে প্রকট হয়ে উঠেছে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ। ১৯৮৮ সালে চালু হওয়া এই ত্রিদেশীয় বন্দরটি বর্তমানে দেশের মোট পাথরের চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করছে এবং প্রায় ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি করেছে।
প্রতি মাসে ভারত, ভুটান ও নেপাল থেকে হাজার হাজার ট্রাকে কয়লা ও পাথর আমদানির পাশাপাশি এখান থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। ক্রাশার মিলের মাধ্যমে পাথর ভেঙে তা দেশজুড়ে সরবরাহ করায় স্থানীয় অর্থনীতিতে দারুণ গতি এসেছে। তবে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা মাস্ক ছাড়াই খোলা আকাশের নিচে কাজ করায় শ্রমিকরা সিলিকোসিস, শ্বাসকষ্ট ও চর্মরোগের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
অন্যদিকে, পাথর ভাঙার মেশিনের বিকট শব্দ ও মিহি ধুলার কারণে আশপাশের পরিবেশ এবং প্রায় ৪০ হেক্টর উর্বর কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা না গেলে অর্থনীতির এই সম্ভাবনাময় খাতটি বড় ধরণের সংকটে পড়তে পারে।