রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের সংঘর্ষের সময় ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন মেহেদী হাসান শাকিল (২৪) নামের এক প্রবাস ফেরত যুবক। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত ১৮ অক্টোবর উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ভাদুর হাই স্কুল মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন ভাদুর হাই স্কুল মাঠে ‘এমপি গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টে কিশলয় একাদশ কাজিরখিল ও উত্তর টিওরী একাদশের খেলা চলাকালীন উভয় দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে খেলা শেষে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছোট ভাই শুভকে মারধর হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান বড় ভাই মেহেদী হাসান। তখন কিশলয় একাদশ কাজিরখিলের সমর্থকরা মেহেদীকে লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
পরিবারের সদস্যরা জানান, তাৎক্ষণিকভাবে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, অতিরিক্ত মারধরে মেহেদীর একটি কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
এদিকে দরিদ্র ও সহায়-সম্বলহীন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় এবং আর্থিক সংকটের কারণে এখনো কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। অসহায় পরিবারটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।