সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর। জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা শহীদ দারোগা আলী পার্ক মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেরপুর পৌরসভা কাবাডি দলকে ৩২-২৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নকলা উপজেলা কাবাডি দল।
বিকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই ফাইনালে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে পৌর দলের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নকলা উপজেলার রুবেল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনালে শেরপুর পৌরসভার কোচের দায়িত্বে ছিলেন সোহেল রানা এবং বিজয়ী নকলা উপজেলার কোচের দায়িত্ব পালন করেন মো. মামুন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (বাংলাদেশ পুলিশ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, “রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও খেলাধুলার সান্নিধ্য পাওয়া সবসময়ই আনন্দের। জেলা পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঐতিহ্যবাহী কাবাডি খেলা আমাদের যুবসমাজকে সঠিক পথে ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), স্থানীয় সরকার উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান ও আবু রায়হান রূপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনায় রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) নাসরিন আক্তারের মনোমুগ্ধকর সঞ্চালনায় শেরপুর জেলা পুলিশের এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।