মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের ৬ নম্বর কিশোরগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। কেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল রাখার দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নির্বাচন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, স্থানীয় সচেতন ভোটারদের পক্ষে মো. আনারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দেন। এই আবেদনের অনুলিপি নির্বাচন কমিশনের আগারগাঁও অফিস, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
মানববন্ধনে স্থানীয় ভোটাররা জানান, পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সকল ভোটারের জন্য যাতায়াত অত্যন্ত সহজ ও নিরাপদ। পক্ষান্তরে, প্রস্তাবিত নতুন কেন্দ্রটি ভোটারদের এলাকা থেকে অনেক দূরে এবং এক কোণায় অবস্থিত। এছাড়া যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধী ভোটারদের পক্ষে সেখানে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত দুরূহ হবে। অতীতে এই কেন্দ্রে সবসময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো রেকর্ড নেই।
এলাকাবাসীর পক্ষে প্রায় ১১০০ জন ভোটারের স্বাক্ষরসংবলিত এই আবেদনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং ভোটাধিকার সহজলভ্য করতে কেন্দ্রটি পুষনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই বহাল রাখার জোরালো দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইউনুস, মো. আনারুল ইসলাম, সেলিমসহ এলাকার শত শত সাধারণ মানুষ অংশ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, স্থানীয়দের এই দাবির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।