শেখ মোঃ কামরুজ্জামান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি কক্ষের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কলোনির একটি তালাবদ্ধ ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের অন্য কক্ষগুলোতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ঘরগুলোতে তালা ঝুলছিল বিধায় ভেতরে থাকা কোনো মূল্যবান মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, এই অগ্নিকাণ্ডে তার ঘরের খাট, আলমারী, সুকেস, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে।