টাঙ্গাইলে নিজের মেয়েকে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এ ঘটনায় জড়িত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্য এক আসামি বিচার চলাকালীন মৃত্যুবরণ করায় তার নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ মে সখীপুর উপজেলায় কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে তার মা অযুফা বেগম কৌশলে আসামিদের হাতে তুলে দেন। পথে নির্জন স্থানে পাঁচ ব্যক্তি মিলে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর জবানবন্দি ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন।