ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) পরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন নতুন পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রশিদুজ্জামান, খালেদা জিয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন তার মেয়াদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বলেন, সীমাবদ্ধতার মধ্যেও প্রক্টর অফিস ও টিএসসিসির অবকাঠামোগত উন্নয়ন, প্রায় ৮০০ চেয়ার মেরামত এবং দীর্ঘদিন বন্ধ থাকা ক্যাফেটেরিয়া পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জনবল সংকটের কারণে কিছু সীমাবদ্ধতা ছিল। তিনি আশা প্রকাশ করেন, নতুন পরিচালক অসমাপ্ত কাজগুলো সফলভাবে সম্পন্ন করবেন।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর রহমান তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধ বজায় রেখে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে একসঙ্গে খাওয়ার পরিবেশ সৃষ্টিরও ইচ্ছা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমানকে নতুন টিএসসি পরিচালক হিসেবে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।