ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সিংড়ার ভোগা মায়ের বাজারে ‘সিংড়া স্মার্ট প্রেস ক্লাব’-এর (SSPC) উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আলোচনাকালে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল এবং বাল্যবিবাহ রোধে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। আরিফুল ইসলাম আরিফ বলেন, “সুযোগ পেলে রামানন্দ খাজুরা ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল এলাকায় রূপান্তর করতে চাই। রাস্তাঘাটের উন্নয়নসহ জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন যে, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ চিরতরে বন্ধ করা হবে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ এবং ‘বাদল মিডিয়া জোন’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন এবং উপস্থাপনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সিংড়ার প্রতিটি ইউনিয়নে এই অনুষ্ঠান পরিচালনা করা হবে যাতে প্রার্থীরা তাঁদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে পারেন।