মোঃ মাইনুল হক (নীলফামারী):
আসন্ন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান (জুয়েল)। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবা করার মাধ্যমে উপজেলাকে একটি আধুনিক, মডেল ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কাজী জুয়েল নীলফামারী শহরের ডাকবাংলা রোড এলাকার বাসিন্দা প্রয়াত কাজী তজাম্মেল হকের সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রমেও তিনি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
প্রার্থিতার বিষয়ে অ্যাডভোকেট কাজী জুয়েল বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দলের শীর্ষ নেতৃত্বকে শক্তিশালী করতে আমি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছি। সদর উপজেলার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও তাদের পাশে দাঁড়ানোই আমার মূল ব্রত। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভালোবাসা ও সমর্থন পাই, তবে নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।”
এদিকে উপজেলা নির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তরুণ প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।