মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সোনাপুর-চিতোষী সড়কের বেহাল দশার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঠিকাদারের দীর্ঘসূত্রিতা ও চরম গাফিলতির কারণে সংস্কার কাজ থমকে যাওয়ায় এলাকাবাসীর যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অধীনে থাকলেও কাজের গতি অত্যন্ত মন্থর। কার্পেটিং উঠে গিয়ে পুরো সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা চলাচলের অনুপযোগী করে তোলে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, বারবার তাগাদা দিলেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক সংস্কার কাজ থমকে থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকার বাসিন্দা আরিফুর রহমান, রফিকুল ইসলাম ও নূরুন নবী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আরেক স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম অবিলম্বে কাজটি দ্রুত সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।
দ্রুততম সময়ের মধ্যে সড়কটির অসমাপ্ত কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।