সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মজুমদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হুমায়ুন কবির উপজেলার শান্তিরাম ইউনিয়নের বক্তার হোসেনের ছেলে। কিছুদিন আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। পোস্টটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে মজুমদারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হুমায়ুন কবিরকে আত্মগোপনে সহায়তা করার অভিযোগে শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু সাঈদ খায়রুল আলম সবুজকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।