সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবর উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন ভোর ৫টা ৫ মিনিটে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এবং সকাল সাড়ে ৫টার দিকে গোপালচরণ গ্রামের বাঘার ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে এসব বিস্ফোরণ ঘটানো হয়। আকস্মিক এই বিস্ফোরণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনায় সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি নথিভুক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করতে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।