ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির ‘ইকোনমিক ইমপাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় একদল অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ২১টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তুলতে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত তিন চাকার যান এবং গম ভাঙানোর মেশিন প্রদান করা হয়। এছাড়া, বয়োবৃদ্ধ ১১ জন নারী-পুরুষকে সরকারি অনুদান হিসেবে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে উপকরণ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির প্রতিনিধি ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমাছসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, কাতার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের এই মহতি উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।