ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীকে (এপিএস) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত রবিবার রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এক তরুণীকে কেন্দ্র করে বিএনপির এক নেতার আপত্তিকর ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অভিযোগকারীর দাবি, কুড়িগ্রামের নয় বরং পঞ্চগড় জেলার ওলামা দলের এক নেতার সঙ্গে ভিডিওটি সম্পর্কিত। তবে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ওই ভুয়া ভিডিও ও ছবি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস এরশাদুল হক এবং জামায়াতে ইসলামীর এক নেতার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এই সম্পূর্ণ ঘটনাটির সঙ্গে এপিএস এরশাদুল হক দূরদূরান্তেও জড়িত নন। তাঁর নামে মিথ্যা তথ্য ও ছবি প্রচারের ফলে সংসদ সদস্য, তার এপিএস এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও ভুল বার্তা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ ধরনের মানহানিকর অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযুক্ত ছয় ব্যক্তি হলেন—আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান, জাহাঙ্গীর আলম এবং ‘ন্যাশনালিষ্ট ফাইটার’ নামের একটি আইডি বা অ্যাকাউন্ট পরিচালনাকারী।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।