২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও জাসাস নেতা কবির মোল্লাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন পুলিশ পরিদর্শক আলী আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ওই দুই নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সাক্ষ্য প্রদানকারী পুলিশ কর্মকর্তা আলী আহমেদ তৎকালীন উজিরপুর থানার সেকেন্ড অফিসার ছিলেন। তিনি জানান, ঘটনার দিন এসপি এ কে এম এহসানউল্লাহর নির্দেশে মাহাবুল ও জসিমকে বিশেষ অভিযানের নামে পাঠানো হয়েছিল। হত্যাকাণ্ডের পর ওই দুই এএসআইকে রহস্যজনকভাবে দীর্ঘ ছুটি দেওয়া হয় এবং তাদের গতিবিধি ছিল অস্বাভাবিক। জবানবন্দিতে আলী আহমেদ আরও উল্লেখ করেন যে, ওই দুই এএসআই অত্যন্ত বেপরোয়া ছিলেন এবং প্রায়শই এসপি ও তৎকালীন এমপির প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকতেন।
বর্তমানে সিআইডিতে কর্মরত পরিদর্শক আলী আহমেদ আরও বলেন, ওই সময়ে কেবল এই হত্যাকাণ্ডই নয়, বরিশাল অঞ্চলসহ সারা দেশে আরও অনেকগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, এই মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত মাহাবুল ও জসিম বর্তমানে কারাগারে রয়েছেন।