রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্দিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান শুরুর আগেই রবিন নামের এক মাদক ব্যবসায়ীকে অভিযানের গোপন তথ্য জানিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এসংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে চন্দিপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়াকে মাদক ব্যবসায়ী রবিনের সঙ্গে কথা বলতে শোনা যায়। ফোনালাপে ওই নেতাকে বলতে শোনা যায়, বিকেল ৫টা থেকেই মাদকবিরোধী অভিযান শুরু হবে, তাই দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় মাদকবিরোধী অভিযানের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
এদিকে, একই ঘটনায় ফাঁস হওয়া আরও কয়েকটি অডিওতে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে সুবিধা প্রদান এবং বিভিন্ন গোপন তথ্য পাচারের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এসব অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর পুরো রামগঞ্জজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মিজান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে চন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শোয়ায়েব পাটোয়ারী জানান, সাংগঠনিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।
অন্যদিকে, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং এসংক্রান্ত একটি অডিও ক্লিপও তিনি দেখেছেন। বর্তমানে তিনি ছুটিতে থাকলেও ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।