মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে যৌথ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্র ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তবে জাতীয়তাবাদী শক্তির সৈনিকরা মাঠে থাকলে দেশের শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। নেতারা যেকোনো রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিজওয়ান আক্তার পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বীসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।