সুলতান আহমেদ ময়না, শেরপুর
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদের গোপনে মিছিল বের করার অপচেষ্টা এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শেরপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সমাবেশে সভাপতির বক্তব্যে হযরত আলী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করে রাজপথে টিকে থাকা বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি আরও বলেন, নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাইরে থেকে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। শেরপুরের মাটিতে নিষিদ্ধ দলের এমন গোপন কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে এবং বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে পরাজিত অপশক্তি পেছন থেকে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি বৈশ্বিক সংকট উত্তরণে সকলের সহযোগিতা কামনা করেন এবং শেরপুরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন এবং জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।