সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে অবৈধ দখল থেকে আনসার ও ভিডিপির ১২ শতক জমি উদ্ধার করা হয়েছে। পরে ওই জমিতে জলপাই, মেহগনি ও নিম গাছের চারা রোপণ করে বনায়ন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই উদ্ধার ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, শ্রীপুর ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. শাহজাহান, ইউনিয়ন আনসার কমান্ডার সাইফুল ইসলামসহ প্রায় ২০ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. জাহাঙ্গীর আলম সুন্দরগঞ্জে যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আনসার ও ভিডিপির নামে দলিলকৃত বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে তৎপরতা শুরু করেন। স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের সহযোগিতায় এসব জমির নামজারি ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, যা আগে মূল দানকারীদের নামে বিআরএস বা আরএস রেকর্ডভুক্ত ছিল।
এরই অংশ হিসেবে উপজেলার পাঁচটি আনসার ও ভিডিপি ক্লাব সমিতির মোট ৪৫ শতক জমি ইতিমধ্যে মহাপরিচালক, আনসার ও ভিডিপির নামে নামজারি করা হয়েছে। এর মধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান ক্লাবের ৩ শতক, সর্বানন্দ ক্লাবের ১০ শতক, ছাপড়হাটির দক্ষিণ মরুয়াদহ ক্লাবের ১০ শতক, বামনডাঙ্গার রামদেব ক্লাবের ১০ শতক এবং শ্রীপুর ক্লাবের ১২ শতক জমি রয়েছে। এছাড়া তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এলাকার ১৩ শতক জমির কিছু অংশ উদ্ধারের প্রক্রিয়াও বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, সংস্থার নামে থাকা সম্পত্তিগুলো সুরক্ষিত করে সঠিক ব্যবহারের আওতায় আনার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের ১২ শতক জমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে।