কামরুজ্জামান (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে যৌতুকের দাবিতে আশা মনি (১৮) নামের এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের পর তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সঙ্গে আশা মনির শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মঈন বিভিন্ন সময় যৌতুকের জন্য গৃহবধূকে চাপ দিয়ে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবা-মা সাধ্যমতো ঋণ করে কিছু চাহিদা মেটানোর চেষ্টা করলেও স্বামীর লোভ দিন দিন বাড়তে থাকে।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের বলিয়াদী মীরপাড়া এলাকার নাসির উদ্দিনের বাড়িতে স্বামী মঈন, শাশুড়ি লিপি বেগম এবং চাচা শ্বশুর নাসির উদ্দিন মিলে আশা মনির ওপর নির্যাতন চালান। একপর্যায়ে শারীরিক সয়ে সহ্য করতে না পেরে তিনি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি ঘরে বন্দি করে রাখেন যাতে তিনি বিষয়টি কাউকে জানাতে না পারেন।
স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই ঘরের দরজা-জানালা ভেঙে অচেতন অবস্থায় গৃহবধূকে উদ্ধার করেন এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত স্বামী মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।