বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিক কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির সম্মতিক্রমে হাই কোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এখন থেকে কোনো বিচারক সরাসরি কিংবা অনলাইনভিত্তিক বাণিজ্যিক কোচিং কার্যক্রমে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবেন না।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়েছে, বিচার বিভাগের ভাবমূর্তি, নিরপেক্ষতা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, বিচারকদের ছবি, নাম বা পদবি ব্যবহার করে কোনো কোচিং প্রতিষ্ঠানের প্রচার চালানো যাবে না। এমনকি কোচিংয়ের জন্য কোনো শিক্ষাসামগ্রী তৈরি বা প্রকাশ করা এবং বিচার বিভাগীয় গোপনীয় তথ্য শেয়ার করা থেকেও বিচারকদের বিরত থাকতে বলা হয়েছে। উল্লিখিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।