ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে সিংড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুমি আক্তার। সরকারি সেবার মান যাচাই এবং জনদুর্ভোগ কমাতে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তিনি।
পরিদর্শনের শুরুতে সিংড়া পৌরসভা কার্যালয়ে গিয়ে নাগরিক সেবার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। এরপর উপজেলা ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা, দাপ্তরিক কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের খবরাখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
শিক্ষানুরূপ কর্মসূচির অংশ হিসেবে সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন।
পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ লক্ষ্য, নৈতিক মূল্যবোধ এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও অবদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনের শেষাংশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক সুমি আক্তার। এ সময় সরকারি সেবার মান আরও উন্নত করতে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষকে সেবা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।