শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। ঢোলের বাদ্য, রঙিন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত এই মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শেরপুরের প্রধান প্রধান সড়ক। উৎসবমুখর পরিবেশে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়স্থ মুক্তমঞ্চে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রিংকু, শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক বাদশা আলম, এবং থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশের বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সব ভেদাভেদ ভুলে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি, আগামীর যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সোচ্চার ও সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।