ইমাম হাছাইন পিন্টু, নাটোর
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর জেলা বিএনপির আয়োজনে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় উপশহর মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যত বড় সংকট বা রাজনৈতিক পটপরিবর্তনই আসুক না কেন, বিএনপিকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে চিরতরে মুছে ফেলা যাবে; কিন্তু এর পরিবর্তে দলটি আরও বেশি শক্তিশালী ও সংগঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘১৯৮২ সালে এরশাদ ক্ষমতা গ্রহণের পর নেতাদের ভাঙানোর চেষ্টা করলেও খালেদা জিয়া রাজপথ ছাড়েননি। একইভাবে ২০০৭ সালের ১/১১ এর সরকার খালেদা জিয়াকে কারাবন্দী এবং তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরাই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদারের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নাটোরের ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত পাটুয়া এলাকায় মাছ অবমুক্ত করা হয়। এছাড়া জেলার গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।