ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি লিখে নেওয়ার জন্য ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে দুই ছেলে ও দুই পুত্রবধূসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার নওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট সকালে নওগ্রামের বাসিন্দা শাহানারা খাতুনের কাছে তার পৈতৃক সম্পত্তি লিখে দেওয়ার দাবি করেন দুই ছেলে বাবু ও সেলিম এবং তাদের স্ত্রীরা। মা জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তারা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টাও চালানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নওগ্রাম এলাকা থেকে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পত্তির লোভে মাকে নির্যাতনের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৃত আজাহার আলীর ছেলে বাবু (৪২) ও সেলিম (৪০), এবং তাদের স্ত্রী নাজমা বেগম (৩৮) ও মেরিনা খাতুন (৩৫)।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সম্পত্তির লোভে জন্মদাত্রী মায়ের ওপর এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।