ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ চালু করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC)। এর মাধ্যমে চামারী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম হয়ে উঠেছে।
সম্প্রতি চামারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জনসম্পৃক্ততা এবং নাগরিক অধিকার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এর ফলে চামারী ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঘরে বসেই প্রার্থীদের পরিকল্পনা সরাসরি দেখতে পেয়েছেন এবং সাধারণ ভোটারদের প্রত্যাশার বিষয়টিও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটির আকর্ষণীয় উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন এবং ক্লাবের অন্যান্য গণমাধ্যমকর্মী আশারফুল ইসলাম, ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, বাদল হোসেন, আপেল মাহমুদ, রাকিব হোসেন, শিফাত, শামিম হোসেন ও জাকারিয়া মাসুদ।
আয়োজকরা জানিয়েছেন, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সম্ভাব্য জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের মুখোমুখি দাঁড় করানো। এর মাধ্যমে প্রার্থীদের উন্নয়নমূলক এজেন্ডা ও জনকল্যাণমুখী অঙ্গীকারগুলো ভোটারদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, চামারী ইউনিয়নের পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এর ফলে সাধারণ মানুষ ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সরাসরি মতবিনিময়ের একটি সুন্দর সুযোগ তৈরি হবে।
আয়োজক কমিটি আরও জানিয়েছে, কোনো নির্দিষ্ট প্রার্থীকে বাড়তি সুবিধা না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সব প্রার্থীর বক্তব্য সমান গুরুত্বে প্রচার করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে ধারণ করে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে এবং আসন্ন নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করতে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এমন প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।