ইবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষার পাস নম্বর কমিয়ে মৌখিক (ভাইবা) নম্বর অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা গেছে যে পথে, ভাইবা যাবে সেই পথে’, ‘ভাইবার নামে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’ এবং ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ বিভিন্ন বৈষম্যবিরোধী স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই নিশ্চিত করা হয়েছে। অথচ ভাইবা নম্বর বৃদ্ধির মাধ্যমে আবারও চাকরিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরির চেষ্টা চলছে। এনটিআরসিএ সহ বিভিন্ন নিয়োগে যে বৈষম্যের অভিযোগ উঠেছে, তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান তারা।
সমাবেশে ছাত্রশিবিরের ইবি শাখার ছাত্রকল্যাণ সম্পাদক নাহিদ ইসলাম বলেন, “সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। এনটিআরসিএ-র সিদ্ধান্ত থেকে সরে এলেও এখন আবার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে দলীয়করণ ও অনিয়মের সুযোগ তৈরি হবে। ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে সারা দেশের ক্যাম্পাসগুলোতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল রাহাত বলেন, “যে বৈষম্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও জনতা রাজপথে নেমেছিল, তার পরিপন্থী কোনো আইন আমরা মেনে নেব না। ভাইবা পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থের লেনদেন বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা সরকারের বিরোধী নই, বরং শিক্ষার্থীরাই সরকারের শক্তি। কিন্তু কোনো মেধাবী প্রার্থী যেন আর্থিক অনটন বা অনিয়মের শিকার হয়ে চাকরি থেকে বঞ্চিত না হয়, তা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।”
ইবি প্রতিনিধি
আব্দুল্লাহ ফুয়াদ
০৮.০৯.২০২৬