ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুরুদাসপুর থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর মোহাম্মদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উন্মুক্ত এই আলোচনা সভায় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং আইনশৃঙ্খলার নানা দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব, আধুনিক ও গতিশীল করে একটি সুশৃঙ্খল শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। তিনি পুলিশের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে গুরুদাসপুর থানায় নতুন তিনতলা ভবন নির্মাণ এবং থানার জন্য একটি নতুন গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।