ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরে সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে একটি গণশুনানি বা ‘পাবলিক হিয়ারিং’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি’ (পিকেএসএস) এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয়।
পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি তার বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এবং তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান।
গণশুনানি চলাকালে বক্তারা উপজাতি শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয় থেকে তাদের ঝরে পড়ার হার কমানো এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে তাদের নানামুখী সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা জনগণের অভিযোগ ও দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।