সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি নতুন নূরানী মক্তবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের মনিরাম কাজী ইজাদ্দারপাড়া এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। এ সময় তিনি কচিকাঁচা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকবামূলক বক্তব্য রাখেন।
বক্তব্যে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কোমলমতি শিশুদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলিত জীবনযাপন এবং নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী এম জে আই মিলন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সেক্রেটারি আবু হাসান সরকার রিপন, পেশাজীবী শাখার সভাপতি সামছুল হক, যুব ও মানবসম্পদ বিভাগের সদস্য ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ।
মক্তবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় আয়োজকরা জানান, এলাকার শিশুদের প্রাথমিক পর্যায়ে সঠিক ইসলামী শিক্ষা ও নৈতিক জ্ঞানার্জনের সুযোগ করে দিতেই এই নূরানী মক্তবঘরটি চালু করা হয়েছে।