নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম দিনব্যাপী সফরে ভৈরব ও কুলিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সরকারি সহায়তা সামগ্রী তুলে দেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে ভৈরব বাজার ফাঁড়ি থানা চত্বরে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাজার এলাকার নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
পরে বেলা ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, দুস্থদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও চারাগাছ এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
দুপুরে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।
এ সময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতে এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল হক জাবেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেলে কুলিয়ারচরে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে তিনি কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
এরপর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচিতে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ শরীফুল আলম এমপি।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব উপসচিব মোঃ শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোবাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ জিন্নাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়ে কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জনকারী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি।