ইমাম হাছাইন পিন্টু, নাটোর
জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে দেওয়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা শুরু হয়েছে বলে জানিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি জানান, কৃষি ঋণ মওকুফ, কৃষিকার্ড বিতরণ, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর পাশাপাশি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জনগণ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আনু আরও জানান, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের জন্য নির্ধারিত বেতন-ভাতা কার্যক্রমের সূচনা হয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ লাখ কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সাধারণ মানুষের ওপর নানা বৈষম্য ও নির্যাতন চালানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ বর্তমানে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। নিজের নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, সিংড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প জমা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে সংসদ সদস্য বলেন, নির্বাচনের প্রাক্কালে সিংড়াকে একটি শান্তির জনপদে রূপান্তর করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমানে এখানকার মানুষ শান্তিতে বসবাস করছে। তবে দলের নাম ভাঙিয়ে কেউ যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে বরদাস্ত করা হবে না।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল কাফি ও ছাত্রদল নেতা মো. শাহাদত হোসেন মুন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।