ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জোয়াড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন বাবলু এবং বিএনপি নেতা জহুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সিনিয়র সহসভাপতি গওসল আজম, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মো. আব্দুর রউফ মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সদস্য নাজমুল হোসাইন, বিএনপি নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন তারা।
সভা শেষে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমেই দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।