রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি তিন বছরেরও কম সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ সেলিম আরও বলেন, গণতন্ত্রকামী নেতা জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের আগে ‘জাগো দল’ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়। বাংলার রাখাল রাজা হিসেবে পরিচিত এই নেতার আদর্শ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এ সময় তিনি রামগঞ্জবাসীকে একটি উন্নত ও আধুনিক রামগঞ্জ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন ও সদস্য সচিব ইমরান হোসেন, এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।
এর আগে বিকেলে রামগঞ্জ থানাপুকুরে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।