ইমাম হাছাইন পিন্টু, নাটোর
জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে দেওয়া বিএনপির প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি জানান, কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের শুভসূচনা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আনু আরও জানান, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের সম্মানি বা ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজও শুরু হতে যাচ্ছে।
গত ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আওয়ামী লীগ আমলের নিপীড়ন ও বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের তীব্র আন্দোলনের ফলেই আজ বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার সব প্রতিকূলতা পেরিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সিংড়ার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে ১৮০ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নির্বাচনী ওয়াদা অনুযায়ী সিংড়াকে একটি শান্তির জনপদে রূপান্তর করা হয়েছে এবং এলাকার মানুষ বর্তমানে বেশ স্বস্তিতে রয়েছে। তবে দলের নাম ভাঙিয়ে কেউ যদি এই শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, অ্যাডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, ফজলার রহমান বাচ্চু, রফিকুল ইসলাম বুলেট, আব্দুল্লাহ আল কাফি এবং মো. শাহাদত হোসেন মুন্টুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।