মাগুরার চাঞ্চল্যকর আট বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য নতুন আইনজীবী নিয়োগ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামি পক্ষে আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এর আগে আসামির পূর্বের আইনজীবী মামলা পরিচালনায় অপারগতা জানিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
ঘটনা অনুযায়ী, গত বছরের মার্চ মাসে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত বছর হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন। নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মামলাটি উচ্চ আদালতে ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য পাঠানো হয় এবং পেপারবুক প্রস্তুতির পর বর্তমানে হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।